আগামী অক্টোবরে বাংলাদেশে গড়ানোর কথা ছিল মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ। ক্ষমতার পালাবদলে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল হয়নি এখনও। যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। শঙ্কা ছিল বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন নিয়ে। ঘটলও সেটাই। বাংলাদেশ থেকে সরে নেয়া হয়েছে বিশ্বকাপ। সংযুক্ত আরব আমিরাতে গড়াবে আসর।
মঙ্গলবার আইসিসির এক ভার্চুয়াল বোর্ড মিটিংয়ে এমন সিদ্ধান্ত হয়েছে। বিবৃতিতে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। আগামী ৩ থেকে ২০ অক্টোবর দুবাই ও শারজাহতে গড়াবে আসর। তবে আয়োজক হিসেবে বহাল থাকবে বাংলাদেশই।
বিবৃতিতে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস বলেছেন, ‘বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন না করাটা হতাশাজনক। আমরা জানি, বিসিবি একটি স্মরণীয় আসরের আয়োজন করতো।’
‘বাংলাদেশে আসরটি আয়োজনের চেষ্টা এবং সক্ষম করার জন্য সমস্ত উপায় খুঁজেছি। তবে কয়েকটি দলের বাংলাদেশে ভ্রমণ সম্ভব ছিল না। আমরা বিসিবিকে ধন্যবাদ জানাই, তারা আমাদের সাথে একমত হয়েছে। তবে আসরটিতে আয়োজক থাকবে বাংলাদেশ। আমরা খুব শিগগিরই বাংলাদেশে আইসিসির বড় ইভেন্ট পরিচালনা করবো।’








