আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। স্বাধীনতাকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। যে উন্নয়ন-অর্জন হচ্ছে তা বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।
বুধবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বলে জানিয়েছে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম।
নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের যেসব কমিটি মেয়াদোত্তীর্ণ সেই সব কমিটি নতুন করে করতে হবে। বছরের পর বছর জমিদারের মতো পদে বসে থাকা চলবে না।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের নাম উল্লেখ করে তিনি বলেন, তারা সম্মেলনের তারিখ নির্ধারণ করে দেবে। সম্মেলন করতে হবে। কোন টালবাহানা চলবে না। আর যেখানেই কমিটি হবে পকেট কমিটি কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগকে সুশৃঙ্খল হতে হবে। আগামী জাতীয় নির্বাচনে আরো শক্তিশালী ও আধুনিক আওয়ামী লীগ নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনে অংশ নিতে চাই এবং বিজয়ী হতে চাই।
পেশাহীন ও পেশাজীবী মুক্ত আওয়ামী লীগ চাই উল্লেখ করে সড়ক ও সেতুমন্ত্রী বলেন, সিলেটের যারা সৎ ও শিক্ষিত মানুষ তাদের শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানাই। রাজনীতিতে যদি ভালো মানুষেরা না আসে রাজনীতি খারাপ মানুষের হাতে চলে যাবে। খারাপ লোকেরা এমপি-মন্ত্রী হবে। দেশের বারোটা বাজাবে।
বক্তৃতাকালে দলীয় নেতাকর্মীদের আচরণেরও সমালোচনা করেন কাদের। এসময় কর্মীদের মূল্যায়ন করতে ও জনগণের সাথে ভালো আচরণ করতে নেতাদের প্রতি নির্দেশ দেন তিনি।
বিভিন্ন মহল দেশে ব্যাঙের ছাতার মতো লীগ নাম ব্যবহার করে দোকান খুলে বসেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এই আওয়ামী ওলামালীগ, প্রচার লীগ, আওয়ামী তরুণলীগ, আওয়ামী প্রবীণলীগ, আওয়ামী প্রজন্মলীগ, আওয়ামী কর্মজীবীলীগ, আওয়ামী ডিজিটাললীগ, আওয়ামীলীগ হাইব্রিডলীগ এই সব এলো কোথা থেকে। এইসব নাম ব্যবহার বন্ধ করতে হবে, এই সব চলতে দেওয়া যাবে না।
বিএনপি সম্পর্কে কাদের বলেন, বিএনপিকে নিয়ে ভয় পাবেন না। ওদের নিয়ে বিচলিত হওয়ার কারণ নেই। আমি এদের নাম দিয়েছি- বাংলাদেশ নালিশ পার্টি। নির্বাচনে ব্যর্থ, আন্দোলনে ব্যর্থ। ঘরে বসে বসে খালি মিথ্যাচার করে। নালিশের ভাঙ্গা রেকর্ড বাজায়।
দীর্ঘ ১৫ বছর পর এই বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হলো। সিলেটসহ বিভাগের অন্য তিন জেলার নেতাকর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত ছিলেন।









