আন্তর্জাতিক

বলিভিয়ায় স্বরাষ্ট্র উপমন্ত্রীকে পিটিয়ে হত্যা

বলিভিয়ায় স্বরাষ্ট্র উপমন্ত্রীকে পিটিয়ে হত্যা

বিক্ষোভকারী খনি শ্রমিকদের হাতে প্রাণ গেল বলিভিয়ার উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর। দেশটির সরকার দাবি করেছে, বিক্ষুব্ধ শ্রমিকরা তাকে অপহরণ করে এবং পরে হত্যা করে।

বিবিসি’র এক খবরে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে লা পাজের দক্ষিণে পান্ডুরোয় বিক্ষোভকারী শ্রমিকদের অবরোধের মুখে পড়েন উপ-স্বরাষ্ট্রমন্ত্রী রডোলফো ইলানেস। সেখান থেকে তাকে ও তার গাড়ি চালককে তুলে নেয় শ্রমিকরা।

স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস রমেরো জানিয়েছেন, দলবদ্ধ ও বর্বরভাবে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে ইলানেসকে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষুব্ধ শ্রমিকদের। পুলিশের গুলিতে দুই শ্রমিক নিহত হয়েছেন। বলিভিয়ায় স্বরাষ্ট্র উপমন্ত্রীকে পিটিয়ে হত্যা

প্রতিরক্ষামন্ত্রী রেইমি ফেরেইরার উদ্ধৃতি দিয়ে লা রাজোন পত্রিকা জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ইলানেসকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই খনি শ্রমিকও নিহত হয়েছেন।

ফেরেইরা জানিয়েছেন, ইলানেসের মৃত্যুতে গভীর দুঃখ পেয়েছেন প্রেসিডেন্ট ইভো মোরালেস।

মঙ্গলবার থেকে খনি শ্রমিকরা পান্ডুরো মহাসড়ক অবরোধ করে আসছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…