উত্তর মেক্সিকোয় সন্দেহভাজন মাদক চক্রের দুর্বৃত্তদের বন্দুক হামলার শিকার এক শিশু সাহায্যের জন্য ২৩ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিয়েছে।
মঙ্গলবারের ওই হামলায় নিহত হয়েছেন নয় জন মার্কিন নাগরিক। নিহতদের মধ্যে ছয়জন শিশু ও তিনজন নারী। আহত হয়েছে আরও আট শিশু। এদের মধ্যে পাঁচ শিশু গুলিতে আহত হয়েছে।
তবে সৌভাগ্যবশত বেশ কয়েকজন শিশু বেঁচে গেছে। বেঁচে ফেরাদের মধ্যে ১৩ বছরের ডেভিন ল্যাংফোর্ড ২৩ কিলোমিটার হেঁটে বাড়ি ফিরেছে।
বিবিসি জানায়, তিন নারী তাদের ১৪ শিশুসহ তিনটি গাড়ির বহর নিয়ে সনোরা রাজ্য থেকে প্রতিবেশি সিনহুয়া রাজ্যে যাচ্ছিলেন। নিরাপত্তার জন্যই তারা মূলত একসঙ্গে যাচ্ছিলেন বলে পরিবারের সদস্যরা সিএনএনকে জানিয়েছে।
কিন্তু সনোরার ব্যাভিসপে এলাকায় তারা হামলার শিকার হন। বন্দুকধারীদের গুলিতে তাদের গাড়িতে আগুন ধরে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
তবে ল্যাংফোর্ড ও তার বোন অন্য পাঁচ শিশুর সঙ্গে পাশের ঝোঁপে লুকিয়ে পড়ে। হামলায় ল্যাংফোর্ডের মা ও দুই ভাই নিহত হন। অন্য শিশুদের সঙ্গে বেঁচে যায় ল্যাংফোর্ড ও তার ৯ বছরের বোন।
সেসময় আতঙ্কে সাহায্যের জন্য অন্যদের ছেড়ে হাঁটতে শুরু করে ল্যাংফোর্ড। ছয় ঘণ্টা হেঁটে লা মোরায় বাড়ি ফেরে সে। এরপর ঝোঁপে তাকে না পেয়ে তার বোনও অন্য শিশুদের কাছ থেকে চলে যায়। অন্ধকারে চার ঘণ্টা হাঁটার পর উদ্ধার করা হয় তাকে।







