বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির দায়িত্ব পেয়ে বড় লক্ষ্যের কথা শোনালেন ফারুক আহমেদ। সাবেক অধিনায়ক-নির্বাচক সচিবালয়ে বিসিবির ডিজিটাল প্ল্যাটফর্মে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান।
বিসিবি সভাপতি বলেন, ‘লক্ষ্য অনেক বড়। প্রথম ও প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি। দেশের মুখ উজ্জ্বল করা। দলকে একটা জায়গায় (ভালো) দেখতে চাই। কীভাবে দেখব সেটা অনেক বড় একটা ব্যাপার। সুতরাং অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে।’
‘অনেকদিন ধরে কাজ হয়েছে, হয় নাই, এসব নিয়ে প্রশ্ন আছে। আমাদের প্রথম ও প্রধানতম দায়িত্ব হচ্ছে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। বাংলাদেশ ও বাংলাদেশ ক্রিকেট দলকে যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের কাজটা সহজ হবে। আমরা অন্যদিকে যেন সরে না যাই। সুতরাং বাংলাদেশ, বাংলাদেশের ক্রিকেট সবমিলিয়েই এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।’
বুধবার বিসিবি পরিচালক জালাল ইউনুসের শূন্য পদে ফারুক আহমেদকে পরিচালক হিসেবে আনা হয়। এরপর পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি নির্বাচন করা হয়।
বিসিবিতে প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছিলেন ফারুক। ২০১৬ সালের জুনে বিতর্কিত দ্বি-স্তরবিশিষ্ট নির্বাচন–প্রক্রিয়া প্রত্যাখ্যানে পদত্যাগ করেছিলেন সাবেক এ অধিনায়ক।








