বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির পিতা আর বেগম ফজিলাতুন্নেছা হলেন জাতির মাতা। একটি স্বাধীন ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন শুধু বঙ্গবন্ধু একাই দেখেননি। তার সঙ্গে স্বপ্নদ্রষ্টা হয়েছিলেন বঙ্গমাতাও।
একাত্তরে মহান মুক্তিযুদ্ধ চলাকালে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বাঙালির মুক্তি সংগ্রামকে এগিয়ে নিতে গৃহবন্দি অবস্থায়ও বেগম মুজিব যে অসাধারণ ভূমিকা রেখেছেন তা বাঙালি জাতি আজীবন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। তার আত্মবিশ্বাস এবং দৃঢ়তা আজো বাঙালিদের অনুপ্রেরণার উৎস।
মাত্র তিন বছর বয়সে বাবা শেখ জহুরুল হককে হারান ফজিলাতুন্নেছা। এরপর তার বয়স পাঁচ পেরোতে না পেরোতেই মা হোসনে আরা বেগমকেও হারান তিনি।
পরবর্তীতে ১৯৩৮ সালে চাচাত ভাই শেখ লুৎফর রহমানের পুত্র শেখ মুজিবুর রহমানের সঙ্গেই বিয়ের বাঁধনে বাঁধা পড়েন বেগম ফজিলাতুন্নেসা। দুজনের ঘর আলো করে আসে দুই কন্যা এবং তিন পুত্র। মুজিব দম্পতির এক মেয়ের নাম শেখ হাসিনা। তিনি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এবং অন্যজন শেখ রেহানা। আর পুত্রদের নাম শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাসেল।
১৯৩০ সালের আজকের এই দিনে বেগম ফজিলাতুন্নেসা তৎকালীন ভারতীয় উপমহাদেশের ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ই আগস্ট রাতে আততায়ীর হাতে স্বামী ও তিন পুত্রসহ নির্মমভাবে নিহত হন বেগম ফজিলাতুন্নেসা মুজিবও।






