ফুটবল

বঙ্গবন্ধু গোল্ডকাপে শিরোপা ধরে রাখল প্যালেস্টাইন

বুরুন্ডিকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন

দুই ফুটবলার ট্রফির পাশে দাঁড়িয়ে শিরোপা উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ফুটবলার বঙ্গবন্ধু গোল্ডকাপে শিরোপা ধরে রাখার পর ট্রফির পাশে দাঁড়িয়ে আনন্দ প্রকাশ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ওঠা বুরুন্ডিকে ৩-১ গোলে পরাজিত করে বঙ্গবন্ধু গোল্ডকাপে শিরোপা ধরে রাখল প্যালেস্টাইন। টুর্নামেন্টে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল দেশটি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় প্যালেস্টাইন। পরের অর্ধে আর কোনো গোল দিতে না পারলেও একটি হজম করে বসে। সেটা যদিও ট্রফি উঁচিয়ে ধরতে সমস্যা সৃষ্টি করতে পারেনি।

গ্রুপপর্বে বাংলাদেশকে ২-০ গোলে হারিয়ে শুরু করেছিল প্যালেস্টাইন। পরের ম্যাচে শ্রীলঙ্কাকে হারায় একই ব্যবধানে, গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে যায় সেরা চারে। সেমিতে সিশেলসকে হারিয়ে টিকেট কাটে ফাইনালের।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৮১ ধাপ এগিয়ে প্যালেস্টাইন, তাদের র‍্যাঙ্কিং ১০৬। ২০১৮ সালে সেমিতে বাংলাদেশকে হারিয়ে শিরোপার মঞ্চে গিয়েছিল দলটি, পরে শিরোপা জিতে নিয়েছিল তাজিকিস্তানকে টাইব্রেকে হারিয়ে।

শনিবার ম্যাচের তৃতীয় মিনিটেই গোলের খাতা খোলে অপরাজিত চ্যাম্পিয়নরা। সালেম খালেদ লিড এনে দেন। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সামেহ মারাবা। ২৬ মিনিটে খারৌব ৩-০ করে দেন।

মধ্যবিরতির পর বুরুন্ডির সান্ত্বনার গোলটি আনেন এন্ডিকুমানা আসমানে। সেটি প্যালেস্টাইনের অপরাজিত ও টানা দ্বিতীয় চ্যাম্পিয়ন হওয়া আটকে দিতে যথেষ্ট ছিল না।

বিষয়:প্যালেস্টাইন বঙ্গবন্ধু গোল্ডকাপ-২০২০ বাংলাদেশ বুরুন্ডি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…