বগুড়ায় পল্লী বিদ্যুতের ঠিকাদারকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

একজন যুবক ব্যক্তির ছবি, সবুজ শার্ট পরা, প্রাকৃতিক পরিবেশে, মুখের অভিব্যক্তি স্পষ্ট।. Channel i News – চ্যানেল আই নিউজ
বগুড়া পল্লী বিদ্যুত সমিতির (পবিস) উপ-ঠিকাদার নাহিদ’কে (২৫) ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড় ১২ টার দিকে বগুড়া শহরতলীর শাকপালা এলাকায় এ ঘটনা ঘটে।
সে শহরতলীর ফুলতলা পূর্বপাড়ার জাহিদুল ইসলামের ছেলে। তিনি বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির উপ-ঠিকাদার ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাহিদকে কয়েকজন যুবক মঙ্গলবার রাত ১২টার দিকে ফুলতলা বাজার থেকে শাকপালা মোড়ে ডেকে নিয়ে যায়। এরপর সেখান থেকে শাকপালা পশ্চিমপাড়া গোরস্থানের পাশে তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাত ২টায় পুলিশ নাহিদের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত এবং দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেছে, পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে নাহিদকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।






