অক্ষয় কুমার মানেই ছবি হিট!-বলিউডে এটা যেন নিয়মে পরিনত হয়েছে। টয়লেট: এক প্রেমকথা, প্যাডম্যান, গোল্ড-ছবিগুলোর বক্স অফিসের দিকে তাকালে তার প্রমাণ মিলবে। এবার নতুন ছবি ‘কেসারি’ দিয়েও বক্স অফিসে মাত করছেন খিলাড়ি খ্যাত এই অভিনেতা।
মুক্তির মাত্র ৭দিনেই অক্ষয় কুমার অভিনীত ‘কেসারি’ ১০০ কোটির ক্লাবে ঢুকে গেছে। মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছিল ২১ কোটি রুপি। ২০১৯ সালে মুক্তির প্রথম দিনে ভারতীয় কোনো চলচ্চিত্রের সর্বোচ্চ আয়ের রেকর্ড এটি।
বিশ্বব্যাপী মোট ৪২০০ পর্দায় মুক্তি দেয়া হয়েছে ছবিটি। এর মধ্যে ভারতে ৩৬০০টি পর্দায় সফলতার সঙ্গে চলছে ছবিটি। ৮০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘কেসারি’ ১১০ কোটি রুপি আয় করতে পারলেই ছবিটিকে ‘হিট’ বলা যাবে।
২১ মার্চ মুক্তি পেয়েছে ‘কেসারি।’ ১৮৯৭ সালের সারাগড়ের যুদ্ধের ওপর নির্মিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অনুরাগ সিং। এই যুদ্ধে মাত্র ২১ জন শিখ ১০ হাজার আফগান সৈনিকের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।
ছবিতে অক্ষয় কুমারকে দেখা গেছে এক শিখ যোদ্ধার চরিত্রে। অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন পরিনীতি চোপড়া। -বলিউড মুভি রিভিউজ








