কর্মচারীদের বকেয়া বেতন নিয়ে চলতি সমস্যা সমাধানে একটি নির্দেশনা জারি করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। এজন্য ১০০ মিলিয়ন রিয়ালের একটি তহবিল গঠনের ঘোষণাও দিয়েছেন তিনি।
সোমবার তিনি এই নির্দেশনা জারি করেন। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর একদিন আগে যথাসময়ে কর্মচারীদের বেতন-ভাতা দিতে কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল আশায়খ।
শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রী মুফারেজ আল-হাকাবানি সোমবার বলেন, ‘সরকার নিবন্ধিত সব কোম্পানিকে সরকার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী সকল শ্রমিককে তার পূর্ণ মজুরি দিতে শ্রম মন্ত্রণালয়কে জরুরি ভিত্তিতে সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
সৌদি প্রেস এজেন্সি জানায়, বেতন বকেয়া রাখা কোম্পানিগুলোর নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে দ্রুতই সেসমস্ত কোম্পানিগুলোকে চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন বাদশাহ।
ঠিক সময়ে বেতন না দেয়ার জন্য সৌদি আরবের বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করে কর্মচারীরা। বকেয়া বেতনের দাবিতে কয়েকদিন আগে জেদ্দায় সড়ক অবরোধের মতো ঘটনাও ঘটে।
কোম্পানিগুলো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যেসমস্ত কর্মীরা তাদের দেশে ফিরে যেতে চায়, তাদের জন্য সব রকম ব্যবস্থা করতে শ্রম মন্ত্রণালয়কে নির্দেশ দেন বাদশাহ সালমান। এজন্য তিনি দেশের বিমান সংস্থার সঙ্গেও আলোচনার তাগিদ দেন তিনি।
এছাড়া বাদশাহ’র নির্দেশে সমস্যায় থাকা শ্রমিকদের জন্য ১০০ মিলিয়ন সৌদি রিয়ালের একটি তহবিলও গঠন করেছে শ্রম মন্ত্রণালয়।









