বানের জলে ভেসে বেড়ানো বুনো হাতিটি একমাসের অধিক সময়েও উদ্ধার করতে পারেনি
বনবিভাগ। দিনের বেলায় হাতিটি ডাঙ্গায় না উঠায় বার বার কৌশল পরিবর্তন করেও
কোন কাজে আসেনি।
বন্যার পানির কারণে হাতিটি উদ্ধার কার্যক্রম আজ সোমবার সকালে সাময়িক স্থগিত করা হয়। হাতিটি পানি থেকে ডাঙ্গায় উঠার চেষ্টা করায় দুপুর থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হয়।
জামালপুরের জেলা প্রশাসক মোঃ শাহাবুদ্দিন খান জানান, বন্যার পানির কারণে আজ সকালে হাতিটি উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়। কিন্তু হাতিটি বর্তমানে ডাঙ্গায় উঠার চেষ্টা করায় উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
আসামের গহীন অরণ্য থেকে পাহাড়ী ঢলে ভেসে আসা হাতিটি গত এক মাস ১০ দিন ধরে বানের জলে ভেসে বেড়াচ্ছে। বিভিন্ন স্থান ঘুরে বুনো হাতিটি গত ৮ দিন ধরে জামালপুরের সরিষাবাড়ি ও মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে।
বর্তমানে হাতিটি সরিষাবাড়ি উপজেলার ধারাবর্ষা গ্রামের বিলের পানিতে অবস্থান করছে। বনবিভাগের লোকজন হাতিটিকে উদ্ধারে পর্যবেক্ষণে রেখেছেন। সুযোগ পেলেই হাতিটি উদ্ধার করা হবে বলে জানান বন কর্মকর্তারা।
বুনো হাতিটি গত ২৮ জুন ভারতের আসাম থেকে পাহাড়ী ঢলে বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় ভেসে আসে। এর পরে জামালপুর, গাইবান্দা, বগুড়া, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন চর ঘুরে কয়েকদিন ধরে কখনো সরিষাবাড়ি আবার কখনো মাদারগঞ্জে অবস্থান করছে।







