ফ্রান্সে নতুন বছরের প্রথম দিন থেকে বেশিরভাগ ফল এবং সবজিতে প্লাস্টিকের প্যাকেজিং নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। শসা, লেবু এবং কমলাসহ ৩০টি প্রজাতির ফল এবং সবজি প্লাস্টিক দিয়ে মোড়ানো নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে প্রক্রিয়াজাত ফল এবং কাটা সবজির বড় প্যাকেট এই নিষেধাজ্ঞা মুক্ত থাকবে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই নিষেধাজ্ঞাকে ‘সত্যিকারের বিপ্লব’ বলে অভিহিত করে বলেছেন, এর মাধ্যমেই ফ্রান্স ২০৪০ সালের মধ্যে প্লাস্টিক মুক্ত একটি দেশ হওয়ার পথে এগিয়ে যাবে।
সরকারি কর্মকর্তাদের বিশ্বাস, এই নিষেধাজ্ঞা প্রতি বছর এক বিলিয়ন আইটেম একক ব্যবহারের প্লাস্টিকের ব্যবহার রোধ করতে পারে। ফ্রান্সে ফল ও উদ্ভিজ্জ পণ্যের এক তৃতীয়াংশেরও বেশি প্লাস্টিকের মোড়কে বিক্রি হয়।
নতুন আইন ঘোষণার পর এক বিবৃতিতে ফ্রান্সে পরিবেশ মন্ত্রণালয় জানায়, নতুন নিষেধাজ্ঞার লক্ষ্য প্লাস্টিকের ব্যবহার কমানো ।
২০২১ সাল থেকে দেশটি প্লাস্টিকের স্ট্র, কাপ, কাটলারি ও পলিস্টেরিন বক্স নিষিদ্ধ করে। ২০২২ সালে জনসমাগমের স্থানে প্লাস্টিকের বোতলের ব্যবহার কমাতে পানি সরবরাহে বাধ্য করা হবে। এভাবে ধীরে ধীরে একাধিক উদ্যোগ বাস্তবায়ন হবে।
শিল্প সংশ্লিষ্টরা নতুন নিষেধাজ্ঞা চালুতে উদ্বেগ প্রকাশ করেছে। ইউরোপীয় ফ্রেশ প্রোডিউস অ্যাসোসিয়েশনের ফিলিপ বিনার্ড বলেন, এই ধরনের সংক্ষিপ্ত নোটিশ অধিকাংশ ফল ও শাকসবজি থেকে প্লাস্টিক মোড়ক অপসারণ করতে বিকল্প বাছাই ও সময়মতো চালুর সুযোগ দেয় না।
গ্লাসগোতে সাম্প্রতিক কপ২৬ সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতি অনুসরণ করার কারণে অন্যান্য ইউরোপীয় দেশ সাম্প্রতিক মাসগুলিতে অনুরূপ নিষেধাজ্ঞার ঘোষণা করেছে।
এই মাসের শুরুর দিকে স্পেন ঘোষণা করেছে, ২০২৩ সাল থেকে প্লাস্টিকের প্যাকেজিংয়ে ফল এবং শাকসবজি বিক্রির উপর নিষেধাজ্ঞা প্রবর্তন করবে। এই সময়ের মধ্যে বিকল্প খুঁজতে হবে ব্যবসায়ীদের।







