ফ্রান্সে একটি মার্কেটের কাছে বন্দুকধারীর হামলায় ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১১ জন।
হামলাকারীর পরিচয় শনাক্ত করা গেলেও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হামলার পর থেকে সে পলাতক। পরিচয় প্রকাশ না করলেও জানানো হয়েছে, বন্দুকধারীর পরিচয় সম্পর্কে নিরাপত্তা বাহিনীর কাছে আগে থেকেই তথ্য ছিল এবং পুলিশ তাকে খুঁজছে।
‘‘সে (হামলাকারী) এর আগে দু’বার আমাদের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে,’’ বলেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার কাস্তানের।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ফ্রান্সের পূর্বাঞ্চলীয় স্ট্রাসবার্গ শহরের প্লেস ক্লেবেরে একটি ক্রিসমাস মার্কেটের কাছে অতর্কিতে বন্দুক হামলা চালায় এক ব্যক্তি। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। আহত হয় আরও ১২ জন।
আহতদের মধ্যে ৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায়।
ইউএসএ টুডে জানিয়েছে, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে বন্দুকধারীর গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এর এক পর্যায়ে পালিয়ে যেতে সফল হয় সে।
হামলার কারণ এখনো জানা যায়নি। তবে একে সন্ত্রাসী তৎপরতা হিসেবে চিহ্নিত করে ঘটনাস্থলের আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। ফ্রান্সের সন্ত্রাস দমন বিষয়ক সংস্থা এ ঘটনায় তদন্ত শুরু করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রতিটি সীমান্ত অঞ্চলের নিরাপত্তা জোরদার করা হয়েছে যেন হামলাকারী দেশের বাইরে যেতে না পারে। এজন্য সেসব এলাকায় সাড়ে ৩শ’ অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।
এছাড়া দেশের প্রতিটি ক্রিসমাস মার্কেটের নিরাপত্তা বাড়ানো হবে বলেও আশ্বাস দিয়েছেন কাস্তানের।








