চেলতি বছরের মে’তে রিয়াল মাদ্রিদের কোচিং ছেড়ে দেন জিনেদিন জিদান। দেশের জার্সিতে খেলেছেন ১০৬টি ম্যাচ। ১৯৯৮তে ফরাসিদের প্রথম বিশ্বকাপ জয়ে অন্যতম কারিগরও ছিলেন তিনি। সেই দলের অন্যতম সদস্য দিদিয়ের দেশম।
ফ্রান্সের কোচের দায়িত্বে ২০১২ থেকেই দেশম। গত জুনে দলকে রাশিয়ায় বিশ্বকাপও জিতিছেন। ১৯৮৪ সালে মিশেল হিদেলগোর পদত্যাগের পর দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে কোচের পদে থাকা ব্যক্তিও তিনি। আরও কতদিন থাকবেন সেটাও অজানা। এর মধ্যেই অ্যান্থনিও গ্রিজম্যান বলছেন, জাতীয় দলের কোচ হিসেবে সফল হতে পারেন জিদান। ইএসপিএন এফসিকে দেয়া সাক্ষাতকারে খোলামেলাভাবেই জিদানের কথা বলেছেন অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা।
রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে সফল জিদান। লস ব্লাঙ্কোসদের টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়েছেন তিনি। গ্রিজম্যান মতে রিয়ালের মতো ফ্রান্সেও সফল হবেন জিদান, ‘দেশম জাতীয় দলের ম্যানেজার হিসেবে কতদিন থাকতে চান তা আমি জানি না। তিনি তার সম্মান অর্জন করেছেন এবং আমি মনে করি, যতদিন চান তিনি ততদিন থাকতে পারেন। আসলে দেশন অসাধারণ কাজ করেছেন।তারপরও আমি মনে করি, জিদান সবচেয়ে ভালো ম্যানেজার হতে পারেন।’
ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। ফাইনালে ম্যাচ সেরা হন গ্রিজম্যান। সাত ম্যাচে তিনি গোল করেন চারটি। এর মধ্যে ফাইনালে পেনাল্টি থেকেও একটি গোল করেন অ্যাটলেটিকো তারকা।







