সোশাল মিডিয়াতে বেশ সরব ছিলেন দেশের কিংবদন্তি রকস্টার আইয়ুব বাচ্চু। বিশেষ করে ব্যক্তিগত অনুভূতি জানানোর পাশাপাশি কাজের খবরাখবরসহ ভক্ত অনুরাগীদের সাথেও যোগাযোগের মাধ্যম ছিলো তার ফেসবুক একাউন্টটি (আইয়ুব বাচ্চু এবি)। অথচ তার মৃত্যুর প্রায় ছয় মাস পর সেই একাউন্টটি উধাও!
এমন খবরই জানিয়েছেন আইয়ুব বাচ্চুর হাতে গড়া ব্যান্ড দল ‘এলআরবি’র ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ।
সোমবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, বাচ্চু ভাইয়ের ফেসবুক অ্যাকাউন্টটি হঠাৎ করে আমরা খুঁজে পাচ্ছিলাম না। তখন আমরা ভেবেছি, হয়তো বাচ্চু ভাইয়ের মৃত্যুর সময় একাধিক ডিভাইসে ফেসবুক লগ-ইন করা ছিলো। যে ডিভাইসগুলো এখন তার পরিবারের কাছে। হয়তো তারাই অ্যাকাউন্টটি ডি-অ্যাক্টিভেট করে দিয়েছেন। কিন্তু তাদের সাথে যোগাযোগ করে জানতে পারি, তারা এমনটা করেননি। তখন এই বিষয়টি নিয়ে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটকে জানানো হয়।
কবে থেকে আইয়ুব বাচ্চুর অ্যাকাউন্টটি ফেসবুকে নেই? এমন প্রশ্নে শামীম জানান, ৫ এপ্রিল ‘এলআরবি’র প্রতিষ্ঠা বার্ষিকী ছিলো। তার আগের দিন থেকে হঠাৎ বাচ্চু ভাইকে পাওয়া যাচ্ছে না। কে বা কারা তার একাউন্টটি বন্ধ করে দিয়েছে। এলআরবির পক্ষ থেকে রবিবার (৭ এপ্রিল) আবদুল্লাহ আল মাসুদ সবুজবাগ থানায় সাধারণ ডায়েরিও করেছেন।
শামীম আহমেদ জানান, আমরা যখন জানতে পারলাম তার পরিবার থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়নি, তখন আমরা কিছুটা বিচলিত হয়েই থানায় সাধারণ ডায়েরি করেছি। সোমবার দীর্ঘক্ষণ সাইবার ক্রাইম-এর টিমের সাথে এলআরবির বাকি সদস্যদের বৈঠক হয়েছে। সাইবার ক্রাইম থেকে আমাদের আশ্বাস দেয়া হয়েছে, খুব দ্রুত সময়ের মধ্যেই আসল কারণ জানা যাবে যে, কেন বন্ধ হয়েছে আইয়ুব বাচ্চুর ফেসবুক একাউন্টটি। এর সাথে কেউ জড়িত আছে কিনা এ বিষয়টিও সর্বোচ্চ জোর দিয়ে দেখার কথা জানিয়েছেন তারা।
ফেসবুকে কেউ মারা গেলে সাধারণত মৃত ব্যক্তির নামের পাশে ‘রিমেম্বারিং’ লেখা থাকে, কিন্তু ফেসবুক নিজে থেকে একাউন্টটি মুছে দেয় না। তাই বিষয়টি আসলে কী ঘটেছে, তা খতিয়ে দেখছে সাইবার ক্রাইম। বলছিলেন শামীম।
এদিকে আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর কণ্ঠশিল্পী বালামকে নিয়ে নতুন করে ‘এলআরবি’র যাত্রা শুরুর ঘোষণা দেয়া হয়েছে।







