সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি ছবি বা কারো পোস্ট যেমনই হোক না কেন তাতে ‘লাইক’ প্রদান ছাড়া অন্য কোনো অনুভূতি প্রকাশের সুযোগ নেই। তবে আর কয়েকদিনের মধ্যেই ফেসবুকে যুক্ত হতে যাচ্ছে ‘ডিজলাইক’ বাটন। সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এমনটি জানিয়েছেন।
ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত ফেসবুকের হেড কোয়ার্টারে মঙ্গলবারের একটি অধিবেশনে ব্যবহারকারীদের সমানুভূতি প্রকাশের পথ করে দিতেই এই নতুন সুবিধাটি যোগ করা হচ্ছে বলে জানিয়েছেন ৩১ বছর বয়সি বিশ্বের অন্যতম শীর্ষ ধনী। ডিজলাইক বাটনটির ব্যবহার উন্মুক্ত করার জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হবে না বলেও জানান তিনি।
তবে এর মাধ্যমে কেউ অপর আরেকজনের পোস্টের প্রতি অপ্রিয় মনোভাব জানাক এটা তিনি চান না। দুঃখজনক পোস্টে সংবেদনশীলতার প্রকাশে এখন যেমন লাইক অপশনে ক্লিক করা হয়, সেরকম ক্ষেত্রে নতুন এই অপশনটির ব্যবহার করা যাবে বলে জানান জাকারবার্গ।
২০০৯ সাল থেকে ফেসবুকে লাইক অপশনটি চালু করার পর থেকেই ‘ডিসলাইক’ করার সুবিধা প্রদানের জন্য অনবরত অনুরোধ করে আসছিলো কিছু ব্যবহারকারী। মঙ্গলবার জাকারবার্গ দর্শকদের উদ্দেশ্যে বলেন, অনেক বছর ধরেই ডিসলাইক বাটনের জন্য অনুরোধ করে আসছে ব্যবহারকারীরা।
সম্ভবত হাজার হাজার মানুষ এ ব্যপারে বলেছে এবং আজকে একটি বিশেষ দিন কারণ আমরা এই ব্যপারে কাজ করছি বলে আজই আমি জানালাম এবং এর পরীক্ষামূলক ব্যবহারের খুব কা্ছেই আমরা রয়েছি।
ফিলাডেলফিয়ার ড্রেক্সেল বিশ্ববিদ্যালয়ের সামাজিক এবং অংশগ্রহণমূলক মাধ্যমের বিশেষজ্ঞ অধ্যাপক আন্ড্রে ফোর্ট বলেন, ব্যবহারকারিরা আচমকাই একে অপরের পোস্টের উপর এই অপশনটির ব্যবহার বাড়িয়ে দেবেন না।
একটি ই-মেইল বার্তায় তিনি লিখেছেন, কিছু নেতিবাচক অনুভুতি প্রকাশের ক্ষেত্রে এই ডিসলাইক বাটনের ব্যবহার হতে পারে (যেমন ব্যবহারকারীদের ফিডে চলে আসা বিজ্ঞাপনের ক্ষেত্রে)। কিন্তু আমার মনে হয় এর ফলে ফেসবুক বন্ধুদের বাচ্চা, কুকুর, বিড়াল এবং খাবারের ছবিতে এই বাটনটির যত্রতত্র ব্যবহার শুরু হয়ে যাবে।
তিনি আরও বলেন, আমি মনে করি হালকা অসমর্থন জানানোর ক্ষেত্রে প্রধানত এর ব্যবহার করা হতে পারে। অথবা বিচ্ছিন্নতা প্রকাশের ক্ষেত্রে যখন কেউ নেতিবাচক কোন ঘটনার বিষয় যেমন মৃত্যুর সংবাদ বা হারানোর কোন বিষয়ে পোস্ট করবেন।







