রবিউল হক রবি, ফেনী: ফেনী শহরের নাজির রোডে সেপটিক ট্যাংকে শ্রমিক তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহতরা হলেন নুরুল ইসলাম মুন্সি, মনিরুজ্জান মুন্সি ও মো: আবদুর রহমান মুন্সি। তাদের তিনজনের বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নে। তারা দীর্ঘদিন ফেনী শহরের নাজির রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের নাজির রোডের রুহুল আমিন মিয়ার তৃতীয় তলা ভবনের সেপটিক ট্যাংকের ছাদ খোলা মাত্রই বিষ্ফোরণ হয়। আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা, ফেনী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি ও ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিনসহ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফেনী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জানান, দীর্ঘ সময় সেপটিক ট্যাংক বন্ধ থাকায় সেখানে একধরনের বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাস আর অক্সিজেন সংকটের কারণে তিন জনের মৃত্যু হয়েছে।








