ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে সিতারাম (২৪) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলার নেকমরদ পাটিহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে নেকমরদ পাটিহাটি এলাকার জনৈক আনোয়ার হোসেনের বাড়িতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের কাজ করছিলেন সিতারাম। কাজের এক পর্যায়ে অসাবধানতাবশত তিনি সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। একজন তরুণ শ্রমিকের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।







