রাজধানীর তেজগাঁও এলাকার ফুওয়াং ক্লাবে রাতভর অভিযানে বিপুল পরিমাণ মদ ও বিয়ার পাওয়ার কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। তবে অনুমোদন অনুযায়ী মাদকের পরিমাণ যাচাইয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ডাকা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় অভিযানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তা চাওয়ার বিষয়টি জানানো হয়।
র্যাব জানায়, ফুওয়াং ক্লাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকের সন্ধান পাওয়া গেছে। অভিযানের এ পর্যায়ে সকাল সাড়ে নয়টার দিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা আসবেন। তারা অনুনোমদিত মাদকের বিষয়টি পরীক্ষা করে জানাবেন। তারপর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
পুলিশের অভিযানের ২ দিন পর বুধবার মধ্যরাত থেকে ফু ওয়াং ক্লাবটিতে আবারও অভিযান শুরু করে র্যাব। প্রায় দুই ঘণ্টা অভিযান শেষে রাত ২ টার দিকে ক্লাবটিতে বিপুল পরিমাণে বিদেশি মদ ও বিয়ার জব্দ করার কথা জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি মিজানুর রহমান।
এর আগে সোমবার ক্লাবটিতে অভিযান চালায় পুলিশ। সেদিনের অভিযানে ওই ক্লাবে ক্যাসিনো কিংবা কোনো অনিয়ম পায়নি বলে জানানো হয়।








