প্রয়াত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউজের স্মৃতি ফিরল এজবাস্টনে। ন্যাটওয়েস্ট ট্রফি টি-টুয়েন্টিতে মাথায় বলের আঘাতে গুরুতর আহত হয়েছেন ইংলিশ ক্রিকেটার লুক ফ্লেচার। যদিও পরে জানানো হয়েছে শঙ্কামুক্ত তিনি। নর্টিংহ্যাম ও বার্মিংহামের মধ্যে ম্যাচে ঘটে এই শঙ্কা জাগানো ঘটনা।
২০১৪ সালে মাথায় বলের আঘাতে মৃত্যু হয় হিউজের।
শনিবার ম্যাচের দ্বিতীয় ইনিংসে বল করছিলেন ফ্লেচার। ব্যাটসম্যান স্যাম হেইনের করা স্ট্রেইটব্যাক ড্রাইভ সরাসরি আঘাত হানে ফ্লেচারের মাথায়। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে আম্পায়ার মেডিকেল স্টাফদের দৃষ্টি আকর্ষণ করেন। তবে সতীর্থদের সহায়তায় প্রথম পর্যায়ে উঠে দাঁড়াতে সমর্থ হন ফ্লেচার।
মাঠ থেকে ড্রেসিংরুমে নিয়ে প্রাথমিক চিকিৎসার পর ফ্লেচারকে নটিংহ্যামের হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। পরে সতীর্থ ইংল্যান্ড জাতীয় দলের পেসার জ্যাক বল প্লাস্টিকের অক্সিজেন মাস্কে আবৃত ফ্লেচারের একটি ছবি পােস্ট করে লিখেছেন, ভয়াবহ ইনজুরি, তবে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন।
দুর্ঘটনার পর আধা ঘন্টা খেলা বন্ধ থাকে। পরে শুরু হওয়া ম্যাচে হেরে যায় ফ্লেচারের দল। কিন্তু ফ্লেচারের কথা মনে রেখে প্রতিপক্ষ বার্মিংহাম কোন রকম উদযাপন করেনি।








