চোটের কারণে বিশ্বকাপ ফাইনাল মিস করলেও এবারের শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে ইনজুরি থেকে ফিরে মাঠে নামবেন আঞ্জেলো ডি মারিয়া।
কোপার ফাইনালের আগে মারিয়ার দলে ফেরা সত্যিই সুখবর বয়ে এনেছে ফিফার শীর্ষস্থানীয় দল আর্জেন্টিনার জন্য।
সেমিফাইনালে লাভেজ্জি হাতের ইনজুরিতে পড়ায় তার পরিবর্তে ফাইনালে খেলবেন ডি মারিয়া।
কোচ টাটা মার্টিনো সাংবাদিকদের বলেন, ‘শারীরিক দিক থেকে ডি মারিয়া গাইতানের থেকে অনেক এগিয়ে এবং সেই ম্যাচ শুরু করার জন্য উপযুক্ত।’
গ্রুপ পর্বে পানামার বিপক্ষে ৫-০ গোলে জেতা ম্যাচের প্রথমার্ধে ডান ঊরুতে ব্যথা নিয়ে মাঠ ছেড়েছিলেন পিএসজির মিডফিল্ডার দি মারিয়া। পরে পরীক্ষায় দেখা গেছে, পায়ের অ্যাডাক্টর মাংসপেশি সামান্য ছিড়ে গেছে তার।
যুক্তরাষ্ট্রের ইস্ট রাদারফোর্ডে বাংলাদেশ সময় আগামী সোমবার ভোর ৬টায় ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ চিলি।







