বাংলাদেশের সাথে ফতুল্লা টেস্ট ড্র করায় ভারতের প্রাপ্তির ঝুঁলিতে কিছু যোগ না হয়ে উল্টো আইসিসি’র টেস্ট র্যাঙ্কিংয়ে এক ধাপ নেমে গেছে ভারত। রেটিংয়ে ৯৯ নিয়ে র্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা ভারত ফতুল্লা টেস্ট ড্র করায় দুই পয়েন্ট কমে ৯৭ নিয়ে নেমে গেলো ৪ নম্বরে।
নবম স্থানে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ২ বেড়ে ৪১ হয়েছে। এরপরও অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ৪৩ পয়েন্ট পিছিয়ে আছে মুশফিকুর রহিমের দল।
ভারতকে টপকে ৯৯ রেটিং নিয়ে তিন নম্বর অবস্থানে এখন নিউজিল্যান্ড। রেটিংয়ে ভারতের চেয়ে ভগ্নাংশ পরিমাণ কম পয়েন্ট নিয়ে ঠিক পিছনেই লেগে আছে ইংল্যান্ড ও পাকিস্তান।







