বাংলাদেশ

প্রয়োজনে কিছু জায়গায় শাটডাউন: কাদের

বন্ধ হতে পারে আন্তঃজেলা বাস চলাচলও

প্রয়োজনে কিছু জায়গায় শাটডাউন: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা ভাইরাসের বিস্তার রোধে পরিস্থিতি বুঝে প্রয়োজনে কিছু জায়গা শাটডাউন (বন্ধ) করে দেওয়া হবে। এমনকি আন্তঃজেলা বাস চলাচলও বন্ধ ঘোষণা করা হতে পারে।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, “পরিস্থিতি বুঝে প্রয়োজন হলে কিছু জায়গায় শাট ডাউন করা হবে। প্রয়োজন হলে আন্তঃজেলা বাস চলাচলও বন্ধ করা হতে পারে।”

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন: “বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মানুষের ঢল নামার কথা, কিন্তু করোনার কারণে তা খুবই সীমিত আকারে করা হয়েছে। সবার আগে মানুষকে বাঁচাতে হবে, তাই মানুষকে বাঁচাতে হলে যা যা করণীয় সবকিছু করবে সরকার।”

সে সময় রাজনৈতিক সভা-সমাবেশ নিয়েও কদের বলেন, “ইতোমধ্যে সিদ্ধান্ত নেয়া হয়েছে; কোনো ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ না করার জন্য। প্রাণঘাতি এ ভাইরাসের সংক্রমণ বন্ধ করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।”

করোনা এখন অভিন্ন শত্রু উল্লেখ করে তিনি বলেন: “রাজনীতির ঊর্ধ্বে উঠে এ শত্রুর মোকাবেলা করতে হবে; তবে এ ভাইরাস যত শক্তিশালীই হোক না কেনো মানুষের শক্তি তার থেকে কম নয়।”

এরই মধ্যে করোনা ভাইরাসের বিস্তার রোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত হয় ৩ ব্যক্তি। এরপর দুই দফার আরও ৭ জনের শরীরে এই ভাইরাস পাওয়ার কথা জানায় সরকার। তবে আক্রান্ত প্রথম ৩ জন এখন সুস্থ বলে দাবি করেছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর)।

বিষয়:ওবায়দুল কাদের করোনা ভাইরাস বন্ধ ঘোষণা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…