পরিচালক বিক্রম ভাট জানিয়েছেন তিনি একটি প্রেমের উপন্যাস লিখেছেন। ‘এ হ্যান্ডফুল সান শাইন’ উপন্যাসটি লেখার ব্যাপারে তিনি বলেন, ‘প্রেমের ভাবনা আনন্দের বদলে কষ্ট দেয় আমাকে।’
বিক্রম ভাট বলেন, ‘ভালোবাসার কথা ভাবলে আমি আনন্দ নয়, কষ্টের কথা ভাবি। আমি জানি এভাবে ভাবা উচিত নয়। কিন্তু এছাড়া আমার আর কোনো পথ নেই।’
অদিতির সঙ্গে বিয়ে হয়েছিল বিক্রম ভাটের। কিন্তু এরপর তিনি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন সুস্মিতা সেনের সঙ্গে। সুস্মিতার সঙ্গে সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর তিনি আমিশা প্যাটেলের সঙ্গে সম্পর্কে জড়ান।
বিক্রমের মতে ভালোবাসা মরীচিকার মতো। তা সব সময়ে এক হাত দূর থেকে আহ্বান করে তাকে ধরার জন্য। কিন্তু যতই ছোঁয়ার চেষ্টা করা হয়, ততই ধরা ছোঁয়ার বাইরে চলে যায় ভালোবাসা। ভালোবাসার ব্যাপারে এসব বিষয় ‘এ হ্যান্ডফুল সান শাইন’ উপন্যাসে লেখা হবে বলে জানিয়েছেন বিক্রম ভাট।
এটাই বিক্রমের প্রথম উপন্যাস। ভৌতিক ছবি ‘রাজ’–এর পরিচালকের এই বইটি ভারতের পেঙ্গুইন র্যান্ডম হাউস থেকে এপ্রিলে প্রকাশিত হবে বলে জানিয়েছেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেস।







