বাংলাদেশের সাবেক ব্যাটিং কোচ অ্যাশলে প্রিন্স লিটন দাসকে বুঝিয়েছিলেন টেস্ট ক্রিকেটের মেজাজ। সময় নিয়ে কীভাবে খেলতে হবে সেটি বাতলে দিয়েছিলেন। গুরুর দেখানো পথে হেঁটে সাফল্যের গল্প লিখে চলেছেন লিটন। খেলছেন বড় বড় ইনিংস।
মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪১ রানের ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে লিটন জানালেন সাবেক কোচের শেখানো বিষয়গুলো অনুসরণের কথা।
‘অবশ্যই এখন বুঝি যে টেস্ট ক্রিকেটের ধরনটা কেমন। কতক্ষণ ধরে ব্যাটিং করলে রানগুলো বড় হবে। আমার মনে হয়, সে জিনিসগুলো আমাকে বুঝিয়েছিল, তা অনেকটাই আমার জন্য কাজের এবং ওই জিনিসটাই অনুসরণ করি এখনও পর্যন্ত।’
চট্টগ্রামেও হেসেছে লিটনের ব্যাট। খেলেছেন ৮৮ রানের ইনিংস। মিরপুরে সেটি ছাড়িয়ে গেছেন। যেভাবে ব্যাট করছিলেন মনে হচ্ছিল ডাবল সেঞ্চুরি করাও অসম্ভব নয়।








