জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি। সংবাদ সম্মেলনে আবারও জাতীয় ঐক্যের আহবান জানিয়ে দলটি বলেছে, বিএনপিকে বাদ দিয়ে সরকার কখনোই জাতীয় ঐক্য গড়ে তুলতে পারবে না।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জঙ্গিবাদকে সরকার একা পারবে না এবং বিএনপিও একা পারবে না। আমরা সবাই মিলে পারবো। জনগণের সর্বাত্মক ঐক্যই কেবল এটাকে প্রতিরোধ করতে পারে।
“কিন্তু তারা যদি একসঙ্গে প্রতিরোধ করতে রাজি না হয়, তাহলে আমাদের অবস্থান থেকে নিজেদের দায়িত্ব পালনের চেষ্টা করতে হবে। জনগণক আমরা বলতে থাকবো, যদি সে চেষ্টা খুব বেশী সফলও না হয়। কিন্তু সে চেষ্টা সফল না হয় তাহলে সে দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে।”
গুলশানের রক্তাক্ত হামলার পর থেকেই জঙ্গিবাদ নির্মূলে জাতীয় ঐক্যের আহবান জানিয়ে আসছে বিএনপি। জামায়াতকে নিয়ে ঐক্য হবে না এমন শর্তের পর রোববার প্রধানমন্ত্রী বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সঙ্গে জাতীয় ঐক্যের সম্ভাবনা এক প্রকার নাকচ করে দিয়েছেন।
নজরুল ইসলাম খান আরো বলেন, আগে এক দু’জন খুন হয়েছে এখন ২০/২২ জন এক সাথে খুন হচ্ছে। এতোকিছুর পরও যদি তারা অনুধাবন করতে না পারে যে, জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া এ ধরণের সমস্যা সমাধান করা যায় না।
‘গুলশান হামলার আগাম তথ্য ছিল’ স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যেরও কড়া সমালোচনা করা হয় সংবাদ সম্মেলনে।
বিএনপি মনে করে এখনো জাতীয় ঐক্যের সম্ভাবনা আছে। তবে সরকার সাড়া না দিলে নিজেদের মতো করে কর্মসূচি দিবে তারা।








