বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে তিলে তিলে শেষ করে দিতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জামিনযোগ্য মামলায় তাকে জামিন দেওয়া হচ্ছে না বরং পবিত্র রমজানেও তার ওপর জুলুম চলছে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খুলনা সিটি নির্বাচনকে ‘শেখ হাসিনা মার্কা’ নির্বাচন আখ্যা দিয়ে তিনি বলেন, যে নির্বাচনে ভোটের ব্যালট গরমিল থাকে এবং মৃত ব্যক্তি ভোট প্রদান করে, সেটা ‘শেখ হাসিনা মার্কা’ নির্বাচনের দৃষ্টান্ত। খুলনা সিটি করপোরেশন নির্বাচন ভোট কেলেঙ্কারির আরেকটি নতুন মডেল জনগণ প্রত্যক্ষ করলো। এই নতুন মডেলের ভোট ডাকাতির আবিষ্কারক শেখ হাসিনা।
রিজভী বলেন, খালেদা জিয়াকে জালনথি তৈরির মাধ্যমে আদালতের ঘাড়ে বন্দুক রেখে সাজা দেওয়ার পর সেই মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর এখনো তাকে মুক্তি দিচ্ছে না সরকার। বরং নতুন নতুন জামিনযোগ্য মামলায় তাকে আটকানো হচ্ছে। যা সম্পূর্ণ অন্যায় ও ন্যায় বিচারের পরিপন্থী।
বিশ্বব্যাপীও আজ নিন্দার ঝড় উঠেছে। তিনি যেসব মামলায় অতীতে জামিনে ছিলেন সেসব মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হচ্ছে।
তিনি বলেন, কারাগারে দেশনেত্রী গুরুতর অসুস্থ, দিন দিন শারীরিক অবস্থা ক্রমাবনতিশীল। তিনি হাত ও পায়ের ব্যথায় প্রচণ্ড কষ্ট পাচ্ছেন। তিনি ব্যথার যন্ত্রণায় হাঁটতে পারছেন না, ঠিকমতো ঘুমাতে পারছেন না। সর্বোচ্চ আদালত থেকে জামিন দেওয়ার পরও কিভাবে একজন বয়স্ক জনপ্রিয় নেত্রীকে কারাগারে আটকে রেখে কষ্ট দেওয়া হচ্ছে তা দেশবাসী প্রত্যক্ষ করছে, তাকে চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত করা হচ্ছে।
পবিত্র মাহে রমজানেও তার ওপর সর্বোচ্চ জুলুম চলছে। রিজভী বলেন, দেশনেত্রী যেসব মামলায় জামিনে ছিলেন সেসব মামলায়ও গ্রেফতার দেখাতে নির্দেশ দেয়া হচ্ছে। আওয়ামী সরকারই নানা ফন্দি-ফিকির করছে কিভাবে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রেখে আবারো ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো প্রহসনের নির্বাচন করা যায়।







