প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিনে বৃহস্পতিবার বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবং বাদ আছর তাঁর সরকারি বাসভবন গণভবনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীঘার্য়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হয়। গত ২৫ সেপ্টেম্বর ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর গলব্লাডারে সফল অস্ত্রোপচার হয়।
গণভবনের মিলাদ মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টে শাহাদৎবরণকারী তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের রুহের মাগফেরাত কামনা এবং দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী মো. আবুল কালাম আজাদ এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিনসহ গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সোবহানবাগ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ মো. লিয়াকত হোসেন মোনাজাত পরিচালনা করেন।
এদিকে, বায়তুল মোকাররম মসজিদে দোয়া মাহফিল পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মিজানুর রহমান।
এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজালসহ আওয়ামী লীগের নেতাকর্মী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।








