ইস্তাম্বুল সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুসলিম রাষ্ট্রের জোট ওআইসি’র ১৩তম শীর্ষ সম্মেলনে অংশ নিতে তিন দিনের সফরে বুধবার তার তুরস্কের ইস্তাম্বুলে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে কি কারণে এই সফর বাতিল করা হয়েছে এ সম্পর্কে এখনো কিছু বলা হয়নি।
প্রধানমন্ত্রীর তুরস্কে যাওয়ার সব প্রস্তুতি ছিল। প্রধানমন্ত্রীর সফরের অগ্রবর্তী দলের সদস্যরাও তুরস্কে যান। কিন্তু মঙ্গলবার তাদের ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। চূড়ান্ত মুহূর্তে সরকার প্রধানের সফরে না যাওয়ার সিদ্ধান্তে ঢাকা ও ইস্তাম্বুলে ওই সফরের সব প্রস্তুতি বাতিল করা হয়।
কাল থেকে শুরু হওয়া রাষ্ট্র বা সরকার প্রধানদের শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মন্ত্রী মাহমুদ আলী বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।










