আগেই থেকেই ঘোষণা এসেছিল ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’র প্রথম বর্ষপূর্তিতে প্রকাশ করা হবে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’র ফার্স্ট লুক বা পোস্টার। ঘোষণা অনুযায়ী সেটাই করেছেন ছবিটির নির্মাতারা। পোস্টারটিতে যশকে দেখা গেছে বেশ স্টাইলিশ লুক-এ।
প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ তে যশের বিপরীতে অভিনয় করেছেন শ্রীনিধি শেঠি। সেই সাথে ছবিটিতে আরো অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত ও রাবিনা ট্যান্ডন।
গেল বছরের শেষের দিকে মুক্তি পেয়েছিল কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বাজেটের ছবি ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’। মুক্তির পর থেকে ভারতসহ পুরো বিশ্বে ব্যাপক সাড়া ফেলেছিল ছবিটি। ফলে এর দ্বিতীয় কিস্তি নির্মাণে আর বেশি সময় নেননি এর প্রযোজক ও পরিচালকগণ।
তবে প্রথম কিস্তির তুলনায় আরও বড় পরিসরে তৈরি হবে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। সঞ্জয় দত্তকে এই ছবিতে আধিরা-র চরিত্রে দেখা যাবে। যা হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জারস’ এর ‘থানোস’ চরিত্রটির সাথে অনেকটা মিলে যাবে বলে নিশ্চিত করেছেন ছবিটির নির্মাতা এবং যশ।
গত বছরের ২১ ডিসেম্বর আড়াই হাজার স্ক্রিনে মুক্তি পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’ ছবিটি। ৮০ কোটি রুপির সিনেমাটি বক্স অফিস থেকে সিনেমাটি আয় করে নিয়েছে ২৫০ কোটি রুপিরও বেশি।








