কোন এনজিও কিংবা শ্রমিক সংগঠনের উস্কানিতে যেন তৈরি পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে শুধু মুনাফা নয় শ্রমিকের কল্যাণের কথা ভাবতে মালিকদের প্রতি নির্দেশনা দিয়েছেন তিনি।
মৃত্যু ও পঙ্গুত্ববরণকারী তৈরি পোশাক শিল্প শ্রমিকদের মাঝে ক্ষতিপূরণের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই খাতের শ্রমিকদের ডেটাবেজ তৈরির নির্দেশও দেন।
মৃত্যু এবং পঙ্গুত্ববরণকারী তৈরি পোশাক শিল্প শ্রমিকদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে গঠিত কেন্দ্রীয় তহবিল থেকে ক্ষতিপূরণের অর্থপ্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের জন্য কেন্দ্রীয় সহায়তা তহবিল গঠনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ওই তহবিল থেকেই প্রথমবারের মতো এই সহায়তা দেওয়া হচ্ছে।
তৈরি পোশাক শ্রমিকদের জন্য নূন্যতম মজুরি নির্ধারণ, বছরে দুটি উৎসব ভাতা এবং ছয় মাসের মাতৃত্বকালীন ছুটির মতো শ্রমিকদের কল্যাণে তার সরকারের নেওয়া উদ্যোগের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
পরে বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্ত ২৩৪ জন তৈরি পোশাক শ্রমিকের হাতে বরাদ্দকৃত চেক তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও তৈরি পোশাক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে:








