পোল্ট্রি শিল্প থেকে বছরে আয় হবে ৪০০ কোটি টাকা

বাংলাদেশে পোল্ট্রি ফিডের উৎপাদন ব্যয়, ভুট্টার দাম ও আমদানিতে অগ্রিম কর কমালে পোল্ট্রি শিল্প থেকে বছরে চারশত কোটি টাকা আয় করা সম্ভব বলে জানিয়েছেন ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখার (ওয়াপসা-বিবি) সভাপতি শামসুল আরেফিন খালেদ।
শনিবারে রাজধানীর বসুন্ধরায় কনভেনশন সেন্টারে আয়োজিত তিন দিনব্যাপী ‘১০ম আন্তর্জাতিক পোল্ট্রি শো’র সমাপনী অনুষ্ঠান শেষে চ্যানেল আই অনলাইনের সঙ্গে পোল্ট্রি শিল্পের সম্ভাবনা নিয়ে বিভিন্ন কথা বলেন তিনি। ওই আলোচনায় এসব উঠে আসে।
চ্যানেল আই অনলাইনকে আরেফিন খালেদ বলেন, পোল্ট্রি শিল্পের আন্তর্জাতিক হালাল মার্কেটে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে পোল্ট্রি শিল্প সংশ্লিষ্টরা। আশা করা যায়, ২০২০ সালের মধ্যে পোল্ট্রি প্রক্রিয়াজাত খাদ্য পণ্য রপ্তানি করা যাবে। আর এ লক্ষ্য অর্জন করা গেলে প্রাথমিক পর্যায়ে বছরে অন্তত ৪০ থেকে ৫০ মিলিয়ন ডলার আয় করা সম্ভব হবে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪’শ কোটি টাকা। একই সঙ্গে সৃষ্টি হবে বিপুল সংখ্যক কর্মসংস্থানের ব্যবস্থা।
তবে প্রতিযোগিতামূলক বাজারে প্রবেশ করতে হলে উৎপাদন খরচ কমাতে হবে বলে জানান তিনি। এছাড়া আসন্ন বাজেটে ভূট্টাসহ পোল্ট্রি ফিডে ব্যবহৃত বিভিন্ন উপকরণ আমদানিতে ৫ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি), সয়াবিনের ওপর থেকে ১০ শতাংশ কাস্টমস ডিউটি, ওষুধের আমদানী শুল্ক এবং ডিডিজিএসের ১৫ শতাংশ ভ্যাট তুলে নিতে হবে।
আগামী ৫ বছরে পোল্ট্রি খাতের প্রবৃদ্ধি ২০ শতাংশে উন্নীত করা হবে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে এ খাতের প্রবৃদ্ধি ১৬ শতাংশ। ২০২১ সালের মধ্যে এ হার ২০ শতাংশে পৌঁছবে। এ লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য, প্রয়োজনীয় খাদ্য তৈরির আনুসঙ্গিক উপকরণ সহজলভ্য, নিরাপত্তা নিশ্চিত, উৎপাদন বৃদ্ধিসহ সব ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ছোট-বড় সব ফার্মকে নির্দিষ্ট নীতিমালা ও ভেক্সিনের আওতায় আনা জরুরী। কারণ ছোট ফার্ম থেকে বড় ফার্মে রোগ ছড়িয়ে পড়তে পারে।
এছাড়া গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি এ খাতের নতুন প্রতিবন্ধকতা। এ কারণে খাবারের দাম বাড়বে। ফলে বাড়বে মুরগীর দাম। তাই দাম হাতের নাগালে রাখতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিতে হবে।
ছোট পরিবারের জন্য মুরগী সহজলভ্য করার জন্য ছোট প্যাকেজ করার দাবি জানিয়ে তিনি বলেন, অনেক পরিবারে বেশি মুরগীর দরকার হয় না। কেউ কেউ শহরে একা বসবাস করে। তাদের জন্য পুরো একটা মুরগী কেনা কষ্টকর। এ ধরনের লোকদের জন্য ৫০ টাকা প্যাকেজে মুরগী প্রক্রিয়াজাত করা দরকার। এই জন্য মুরগী প্রক্রিয়াজাতকরণ বিষয়ে সরকারকে আরো উদ্যোগ নিতে হবে।
মেলায় ব্যাপক সাড়া পাওয়া গেছে উল্লেখ সংগঠনটির সাধারণ সম্পাদক মো. সিরাজুল হক চ্যানেল আই অনলাইনকে বলেন, মেলায় প্রান্তিক খামারি ও উদ্যোক্তারা অংশ নিয়েছেন। এখানে বেশ কিছু নতুন প্রযুক্তির প্রদর্শন করা হয়েছে। যা উদ্যোক্তাদের এগিয়ে নিতে সাহায্য করবে। উদ্যোক্তাদের এসব প্রযুক্তির সঙ্গে পরিচয় ও নতুন উদ্ভাবনী সম্পর্কে জানাতে দু’বছর পর পর নয় প্রতি বছরই আয়োজন করা উচিত।
সমাপনি অনুষ্ঠানে পোল্ট্রি মেলার আহ্বায়ক মসিউর রহমান বলেন- সায়েন্টিফিক সেশনগুলোতে পোল্ট্রি রোগ-বালাই এবং চিকিৎসার নতুন নতুন দিক নিয়ে আলোচনা হয়েছে যা পোল্ট্রি স্বাস্থ্যের উন্নয়নে খুবই সহায়ক হবে। তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ুর পরিবর্তনের প্রভাব পোল্ট্রি শিল্পেও পড়তে শুরু করেছে। এই প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে মেলার বেস্ট স্টল নির্মানকারীদের ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। এতে প্রথম পুরস্কার পায় এভন এনিম্যাল হেলথ। যৌথভাবে দ্বিতীয় পুরস্কার পায় চিকস্ এন্ড ফিডস্ ও রেনাটা লিমিটেড এবং তৃতীয় পুরস্কার পায় প্যারাগন গ্রুপ ও বেঙ্গল ওভারসীজ লিমিটেড।






