বসনিয়ায় ‘পোকেমন গো’ প্লেয়ারদের নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছে কর্তৃপক্ষ। কারণ পোকেমন খুঁজতে খুঁজতে তারা চলে যাচ্ছেন ল্যান্ডমাইন পুঁতে রাখা এলাকাগুলোতে। যে কোনো সময় সে সব মাইনফিল্ডে ঘটতে পারে ভয়াবহ মাইন বিস্ফোরণ।
পোকেমন গো গেমটিতে স্মার্টফোনের ক্যামেরার মাধ্যমে সামনে থাকা এলাকা এবং জিপিএস-এর দেয়া তথ্য মিলিয়ে বাস্তব অবস্থানেই পোকেমন নামের বিভিন্ন শক্তির অধিকারী প্রাণী খুঁজতে হয়।
আর সেই প্রাণীগুলোকে খুঁজতে গিয়ে লোকজন এমন সব পরিত্যাক্ত জায়গায় চলে যাচ্ছেন, যেখানে ১৯৯০-এর দশকে যুদ্ধের সময় ল্যান্ডমাইন পুঁতে রাখা হয়েছিল।
তাই জনগণকে এ ব্যাপারে সচেতন করতে মাইন অপসারণের কাজে নিযুক্ত সেবামূলক সংস্থা পোসাভিনা বেজ মিনা একটি সতর্কবার্তা জারি করেছে।
১৯৯৫ সালে যুদ্ধ শেষ হওয়ার পর থেকে এখন পর্যন্ত বসনিয়ায় ল্যান্ডমাইন দুর্ঘটনায় ৬শ’রও বেশি মানুষ নিহত হয়েছে। দেশটির একটি মাইন অপসারণকারী সংস্থার হিসেব অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে এখনো প্রায় ১ লাখ ২০ হাজার মাইন অনাবিষ্কৃত অবস্থায় রয়েছে।
সাধারণ সময়েই এই মাইনগুলো বিপজ্জনক। আর এখন পোকেমন গো-এর মতো গেমের জনপ্রিয়তায় দেশটিতে মাইন বিস্ফোরণের ঝুঁকি আরও বেড়েছে।







