মিয়ানমার পুলিশ সেদেশে রোহিঙ্গাদের মারছে, ভাইরাল হয়ে পড়া এমন ভিডিওটি তদন্ত করে দেখবে বলে জানিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ। সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মিয়ানমারের সরকারের বক্তব্য, এই ঘটনা গত বছরের নভেম্বর মাসের। ভিডিওটিতে দেখা যায় এক পুলিশ অফিসার ভিডিও করেছে। বেশ কয়েকজন পুলিশ অফিসার রোহিঙ্গা পুরুষ ও কিশোরদের দলবেধে বসিয়ে রেখে মারধর করছে। নভেম্বরে রাখাইন রাজ্যে এই ঘটনা ঘটে।
বিগত কিছুদিন ধরেই রাখাইন রাজ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের প্রায়শই অত্যাচারের অভিযোগ উঠছে। অনেকের দাবি এই নৃগোষ্ঠীকে উচ্ছেদের অংশ হিসেবেই এই অত্যাচার চালানো হচ্ছে।
এর আগে মিয়ানমারের কর্মকর্তারা জানিয়েছিলো, নিরাপত্তারক্ষীরা আইনের শাসন মেনে চলছে।
তবে রাখাইন রাজ্যে এখন সাংবাদিক ও তদন্তকারীদের কেউই যেতে পারছেন না। তাই সঠিক তথ্য উদঘাটনও অসম্ভব হয়ে উঠছে।
গত কয়েক মাস ধরেই হত্যা, ধর্ষণ, নির্যাতনসহ বর্বর হামলার মুখে দেশ ছেড়ে পালাচ্ছে রোহিঙ্গারা। গত ৯ অক্টোবর থেকে এ পর্যন্ত প্রায় ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে।








