তাইওয়ান ঘিরে নজিরবিহীন সামরিক মহড়ার পর এবার পীত সাগর ও বোহাই সাগরে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে চীন। মার্কিন পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি’র তাইওয়ান সফরের প্রতিক্রিয়ায় চীন এই প্রতিক্রিয়া দেখাচ্ছে।
চীনের নৌ চলাচল নিরাপত্তা বিষয়ক সংস্থা ঘোষণা করেছে, পীত সাগরে মহড়া চলবে আগস্টের ১৫ তারিখ পর্যন্ত। অন্যদিকে চীনের পূর্বাঞ্চলীয় উপকূলে বোহাই সাগরে অগাস্টের ৮ তারিখ সোমবার থেকে এক মাস ধরে মহড়া চলবে।
তাইওয়ান ঘিরে বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার চীনা সামরিক মহড়া রোববার শেষ হওয়ার কথা থাকলেও তা নিয়ে এখন পর্যন্ত বেইজিংয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
অন্যদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ,রোববারও তাইওয়ান প্রণালী এবং আশপাশে ৬৬টি চীনা যুদ্ধবিমান এবং ১৪টি যুদ্ধ জাহাজের তৎপরতা দেখা গেছে।
তাইওয়ান বলছে, গত চারদিন ধরে চীন যেভাবে মহড়া চালিয়েছে তা আসলে তাইওয়ান দখলেরই মহড়া।
চীনা সামরিক বাহিনীর একজন কর্মকর্তা বলেছেন, চীন এখন থেকে তাইওয়ানের কাছে নিয়মিত সামরিক মহড়া চালাবে।







