মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে উত্তেজনার রেশ না কাটতেই দেশটিতে একদল মার্কিন আইনপ্রণেতার অঘোষিত সফরে ক্ষুব্ধ হয়েছে চীন।
ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সিনেটর এড মার্কের নেতৃত্বে পাঁচ সদস্যের মার্কিন আইনপ্রণেতা তাইপে পৌঁছানোর পরদিন সোমবার তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে বৈঠক করলে প্রতিবাদে আবারো সামরিক মহড়া চালিয়েছে বেইজিং।
দু’পক্ষের বৈঠকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে একে চীনের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিযোগ করেছে বেইজিং।
তাইওয়ান ঘেঁষে সামরিক মহড়া চালিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি। তাদের অভিযোগ, তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে যুক্তরাষ্ট্র ও তাইওয়ান। এ অঞ্চলের শান্তি রক্ষায় এবং জাতীয় সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে চীনের সামরিক বাহিনী। তবে তাইওয়ানের পাল্টা দাবি এ অঞ্চলে শান্ত পরিস্থিতি চায় তাদের দেশ।







