দ্বাদশ বিশ্বকাপের সম্ভাব্য সেমি-ফাইনালিস্ট বেছে নেয়ায় চমক রাখলেন কেভিন পিটারসেন। ইংলিশদের সাবেক তারকার মতে- ইংল্যান্ড, ভারত ও অস্ট্রেলিয়ার সঙ্গে চতুর্থ দল হিসেবে শেষ চারে জায়গা করে নেবে ওয়েস্ট ইন্ডিজ।
কেপির মতে, টুর্নামেন্টের ডার্ক হর্স নিউজিল্যান্ড কিংবা সাউথ আফ্রিকা নয়। তিনি ডার্ক হর্স হিসেবে বেছে নিয়েছেন অস্ট্রেলিয়াকে। অন্যদিকে আনপ্রেডিক্টেবল টিম হিসেবে পাকিস্তানের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের নাম তালিকায় রেখেছেন তিনি।
‘আমার সেমিফাইনালিস্ট হল- ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ।’ পিটারসেনের অভিমত এমনই।
এরপর কেপি যোগ করেন, ‘সাধারণত পাকিস্তান আনপ্রেডিক্টেবল। কিন্তু আমার মতে, এই ওয়েস্ট ইন্ডিজ দল অনেক বেশি আনপ্রেডিক্টেবল। (প্রস্তুতি ম্যাচে) তারা যেভাবে নিউজিল্যান্ডকে হারিয়েছে, সেটি ছিল দুর্দান্ত। তারা কি বিশ্বকাপ জিতবে? সম্ভবত না, কিন্তু তারা আমার সেরা চারে থাকবে।’
অস্ট্রেলিয়াকে ডার্ক হর্স উল্লেখ করে সাউথ আফ্রিকান বংশোদ্ভূত এই সাবেক ক্রিকেটার বললেন, ‘ভারত এবং ইংল্যান্ড শিরোপার সবচেয়ে বড় দাবিদার। অস্ট্রেলিয়া ডার্ক হর্স এবং ওয়েস্ট ইন্ডিজ আনপ্রেডিক্টেবল।’
শুক্রবার পাকিস্তানের বিপক্ষে দ্বাদশ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামবে ওয়েস্ট ইন্ডিজ। ফর্মে থাকা ক্রিস গেইল, আন্দ্রে রাসেলরা মেগা আসরে নিজেদের কতটা মেলে ধরতে পারেন সেটিই দেখার।
শনিবার নিজেদের প্রথম ম্যাচে আফগানিন্তানের বিপক্ষে নামবে অস্ট্রেলিয়া। আর আগামী ৫ জুন নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির ভারত।








