খুলনায় রশি বাঁধা অবস্থায় ভৈরব নদ থেকে ইয়াসির আরাফাত (১২) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে ফুলতলা উপজেলার খানজাহানপুর গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের বাড়ির পাশের ভৈরব নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত রোববার সকাল ১১টার পর থেকে আরাফাত নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। গতকাল সোমবার সকাল ৭টার দিকে এলাকাবাসী ভৈরব নদে তার বুকে কলা গাছের ছড়া দিয়ে বুকে বাঁশ ও পায়ে রশি বাঁধা অবস্থায় লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। নিহত আরফাত খানজাহানপুর গ্রামের কাজী আবু মোকারাম দাখিল মাদ্রাসার ছাত্র ।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, গত রোববার বেলা ১১টার দিকে রাজ ও আরাফাতসহ ৪ থেকে ৫ জন কিশোর ভৈরব নদে গোসল করতে যায়।
গোসলের এক পর্যায়ে রাজ নামে এক কিশোর আরাফাতের পায়ে রশি বেঁধে দিলে সে পানিতে ডুবে যায়। তবে ঘটনাটি তারা গোপন রেখেছিল।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজকে গতকাল সোমবার সকালে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য খানজাহানপুর গ্রামের কাজী আবু মোকারাম দাখিল মাদ্রাসার ছাত্র ওমর ফারুক (১১), তাইহিদ (১০) ও রাব্বি (১২) নামের তিন কিশোরকে আটক করা হয়েছে।
তাদের মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করার পর ঘটনার মূল কারণ জানা যাবে। এ ঘটনায় কিশোর অপরাধ আইনে মামলার প্রস্তুতি চলছে।







