পাকিস্তানের কোয়েটা সিভিল হাসপাতালে শক্তিশালী বোমা বিস্ফোরণে ৬৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরও ১২০ জন। হতাহতদের বেশিরভাগই আইনজীবী বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও টিভি।
আহতদের মধ্যে বেলুচিস্তান বার এসোসিয়েশনের (বিবিএ) প্রাক্তন প্রেসিডেন্ট বাজ মোহাম্মদ কাকার-ও রয়েছেন।
হাসপাতালের জরুরি বিভাগের কাছেই শক্তিশালী বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণের পর অজ্ঞাত এক ব্যক্তিকে গুলি করতেও দেখা যায় বলে জানিয়েছে পাকিস্তান পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। হামলার পর আতঙ্কিত লোকজনের ছুটোছুটিতে হাসপাতালের ভেতর ও আশপাশে নারকীয় পরিবেশের সৃষ্টি হয়।
হামলার পর থেকে পুলিশ হাসপাতাল ঘিরে রেখেছে এবং নিরাপত্তা বেষ্টনী দিয়ে রেখেছে। ঘটনার পর পরই কোয়েটার সবগুলো হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আহতদের কয়েকজনকে চিকিৎসার জন্য স্থানান্তর করা হচ্ছে অন্যান্য হাসপাতালে।
সকালে গুলিতে নিহত বেলুচিস্তান বার এসোসিয়েশনের প্রেসিডেন্ট এর মরদেহ ওই হাসপাতালে নেয়ার পরই শক্তিশালী বিস্ফোরণের ঘটনাটি ঘটল। বার এসোসিয়েশন প্রেসিডেন্ট বিলাল আনোয়ার কাসির মরদেহের পাশে জড়ো হওয়া
সাংবাদিক ও আইনজীবীর ভীড়ের মধ্যে বোমাটি বিস্ফোরিত হয় বলে জানান বেলুচিস্তানের স্বরাষ্ট্র সচিব আকবর হারিফাল।
বিস্ফোরণটি আত্মঘাতী বোমা হামলা বলে ধারণা করা হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি।
এখনো হামলার দায় নেয়নি কেউ।
সোমবার ভোরের দিকে কোয়েটা শহরের মন্নু জান রোড দিয়ে যাওয়ার সময় বিবিএ প্রেসিডেন্ট আনোয়ার কাসির গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা। হামলাকারীরা মোটরসাইকেলে চড়ে এবং হেলমেট পরিহিত অবস্থায় গুলি চালানোর কারণে প্রাথমিকভাবে তাদেরকে সনাক্ত করা যায়নি। তবে তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তারা।








