হকির ময়দানে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে শক্তির ব্যবধান অনেক বেড়ে গেছে ভারতের। ঢাকায় সেটা পরিষ্কার হল আরও একবার। অলিম্পিকে ব্রোঞ্জজয়ী টিম ইন্ডিয়ার সামনে পাত্তাই পায়নি পাকিস্তানিরা। এমন জয় তো ভালো লাগবেই, সেটাই বলে গেলেন ম্যাচসেরা হারমানপ্রিত সিং।
‘যেকোনো প্রতিপক্ষের সাথে জয় বেশ আনন্দের। তবে পাকিস্তান ভালো দল। তারা ভালো খেলেছে। এই দলকে হারানো সহজ কাজ নয়। অবশ্যই পাকিস্তানের বিপক্ষে জয় ভালো লাগবেই।’
শুক্রবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছে ভারত। জোড়া গোল করে সেরা হয়েছেন হারমানপ্রিত। ম্যাচ শেষ সংবাদমাধ্যমের সামনে বেশ খোশ মেজাজেই ধরা দিলেন তিনি। জানিয়ে দিলেন পাকিস্তানের সাথে জয় বিশেষ কিছুই।
টোকিও অলিম্পিকে ভারতের যেমন পারফরম্যান্স ছিল, এদিনের ম্যাচে যে সেটির কোনো প্রতিফলন দেখা যায়নি তাও মেনে নিলেন হারমানপ্রিত।
‘আমরা ফিল্ড গোলে অনেক সুযোগ নষ্ট করেছি। আসলে টোকিও অলিম্পিকের কয়েকজন এই দলে নেই। নতুন ৪-৫ জন খেলছে। পুরনো চেহারায় ফিরতে আরেকটু সময় লাগবে। আগামী ম্যাচগুলাতে আশা করি আরও ভালো খেলা হবে।’







