মিরপুর টেস্টের প্রথম দিনেই উইকেট পড়েছে ১৩টি। বাংলাদেশের করা ২৬০ রানের জবাবে ৩ উইকেট হারিয়ে ১৮ রান তুলেছে অস্ট্রেলিয়া। দিনের প্রথমসেশন থেকেই টার্ন, বাউন্স পাচ্ছেন স্পিনাররা। সারাদিনে স্পিনারদের দখলে ৯ উইকেট। যেভাবে উইকেট পড়ছে তাতে ম্যাচটা পাঁচ দিনে যাওয়ার সম্ভাবনা দেখছেন না স্বাগতিকদের বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান।
ম্যাচের ভাগ্য নিয়ে দিনের খেলা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব বললেন, ‘এখন পর্যন্ত যা হল, তাতে মনে হয় না ম্যাচটা পাঁচ দিনে যাওয়ার সম্ভাবনা আছে। হয়ত কাল উইকেট একটু ভালো আচরণ করতে পারে। প্রতিটি দিনই আসলে নতুন। দিনের (কাল) শুরুতে হয়তো কিছুটা অনুমান করা যেতে পারে। কিন্তু এখনই কিছু বলে দেয়া মুশকিল।’
ইনিংসের শুরুতে বাংলাদেশও পড়েছিল বিপদে। ১০ রান তুলতেই সৌম্য, ইমরুল সাব্বিরের উইকেট হারায় স্বাগতিকরা। সেখান থেকে চতুর্থ উইকেটে ১৫৫ রানের জুটি গড়ে দলকে কক্ষপথে ফেরান সাকিব-তামিম জুটি।
দুই বন্ধু একইসঙ্গে করেছেন ফিফটির ফিফটি। নিজেদের পঞ্চাশতম টেস্টে পাঁচ নম্বরে নামা সাকিব করেন ৮৪, আর ওপেনার তামিম করেন ৭১ রান। ব্যাটিং অর্ডারের দুজনের মধ্যে দূরত্ব থাকায় টেস্টে একসঙ্গে জুটি বেঁধে ব্যাটিং করা হয় খুব কমই। নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি করতে উইকেটে কী কথাবার্তা হয়েছিল তাদের সেটিও এখন আগ্রহের তালিকায়!

সাকিবের উত্তরের শুরুটা অবাক করার মতোই, ‘কিছুই না। ওভাবে কথা হয় না তো। জাস্ট ব্যাটিং করতে থাকা। যতক্ষণ সম্ভব। প্রথম সেশন যাওয়ার পর আমরা আরও ভালো ব্যাটিং করছিলাম। কিন্তু দুঃখজনক ভাবে দুটো বল লাফিয়ে উঠেছিল। ওই জন্যই আমাদের উইকেটটা হারাই।’
পরক্ষণেই অবশ্য জানালেন, ‘আমার কাছে মনে হয়, আমাদের জন্য কাজটা সহজ ছিল। কারণ অনেক দিন একসঙ্গে খেলেছি। আমাদের মধ্যে বোঝাপড়ার অভাব আছে, এমনও নয় ব্যাপারটা। দুজনেরই ৫০ টেস্ট হচ্ছে। বোঝাপড়া নিয়ে শঙ্কা থাকার কথা নয়।’
ছবি: সাকিব উল ইসলাম










