আগের ম্যাচে নেপালের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশি কিশোরদের। সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ পড়ল ভুটানের বিপক্ষে বিশাল জয়ে। সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে ভুটানিজ কিশোরদের ৮-০ গোলে উড়িয়ে তৃতীয় হয়েছে পারভেজ বাবুর শিষ্যরা।
রোববারের ম্যাচে জোড়া গোল পেয়েছেন মিরাজ মোল্লা এবং ফয়সাল শেখ। একটি করে গোল এসেছে ইয়াসিন আরাফাত, ফয়সাল হোসেন, মো. আকাশ ও আরিফ হোসেনের কাছ থেকে।
ফয়সালের হ্যাটট্রিকে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারানোর পর ভুটানকে ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
কিন্তু সেমিতে স্বাগতিক নেপালের কাছে ৪-২ গোলে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ হয় সাফ অনূর্ধ্ব-১৫ কিশোর চ্যাম্পিয়নদের।










