রিয়াল মাদ্রিদ থেকে তাকে কিনে যে ভুল করেনি চেলসি, সেটারই প্রমাণ রেখে চলেছেন আলভারো মোরাতা। লিগে প্রথম ম্যাচে গোল করার পর তৃতীয় ম্যাচেও গোল করলেন। সঙ্গে সতীর্থদের দিয়ে গোল করিয়ে এভারটনের বিপক্ষে চেলসিকে ২-০ ব্যবধানের জয় এনে দিয়েছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।
রোববার স্টামফোর্ড ব্রিজে ২৭ মিনিটে ব্লুজদের এগিয়ে দেয় সেস ফ্যাব্রেগাসের গোল। ডানপ্রান্ত দিয়ে বাড়ানো মোরাতার পাস থেকে বারের কোনাকুনি দিয়ে জাল খুঁজে নেন ফ্যাব্রেগাস।
প্রথম গোলে অবদানের পর দ্বিতীয় গোলটি এসেছে মোরাতার মাথা ছুঁয়ে। ৪০ মিনিটে সিজার আসপিলিকুয়েতার ক্রস থেকে হেডে গোল করে ব্লুজ সমর্থকদের আনন্দে ভাসান মোরাতা।
তিন ম্যাচে দুই জয় এবং এক হারে ৬ পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা। টানা তিন ম্যাচে জয় নিয়ে ৯ পয়েন্টে সবার ওপরে ম্যানচেস্টার ইউনাইটেড।







