জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় বিনামূল্যে বিভিন্ন জটিল ও কঠিন রোগের অপারেশনসহ অন্যান্য রোগীর মান সম্মত চিকিৎসা সেবা দেওয়ায় প্রতিদিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
এ কারণে রোগীরদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণে ৫০ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০০ শয্যায় উন্নতি করণের দাবি জানিয়েছে সুশীল সমাজসহ সাধারণ এলাকাবাসী।
হাসপাতালের রেজিষ্টারে দেখা যায়, জরুরি ও বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৪/৫’শ রোগী প্রাথমিক চিকিৎসা নিতে আসেন এবং ১০০ থেকে ১৪০ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
চলতি বছরের জানুয়ারী মাসে চিকিৎসা সেবার মান উন্নয়ন ও সার্বিক বিষয় জরিপে দেশের ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যৌথভাবে প্রথম স্থান অর্জন করলেও ফেব্রুয়ারি মাসের জরিপে একক ভাবে শীর্ষস্থান অর্জন করেছে এই স্বাস্থ্য কমপ্লেক্সটি।
উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোলায়মান হোসেন মেহেদী বলেন, সীমিত পরিসরে আমি ও আমার মেডিকেল টিম নিয়ে আন্তরিকতার সাথে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। প্রতিদিন রোগির চাপ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য সেবা কার্যক্রম নিশ্চিত করনের জন্য ৫০ শয্যার এই হাসপাতালটি ১০০ শয্যায় উন্নিত করার প্রয়োজন বলে মনে করছি। এছাড়াও জরুরি অপারেশন কালে ওটিতে বিদ্যুত সরবরাহ নিশ্চিতের জন্য একটি আইপিএস বা জেনারেটরের প্রয়োজন। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
ডাঃ সোলাইমান হোসেন মেহেদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে দায়িত্ব গ্রহণের পর সরকারী এই হাসপাতালটিকে ভঙ্গুর অবস্থা থেকে দেশের শীর্ষ স্থানের তালিকায় নাম লিখিয়েছেন বলে জানান এলাকাবাসী।
তিনি যোগদানের পর থেকে রোগীদের সু-চিকিৎসায় হাসপাতালটির জরাজীর্ণ ভবন সংস্কারসহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন।
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার বাবু মিয়ার ছেলে শিমুল হোসেন এই হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তিনি জানান, গত কয়েকদিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় তার বাম হাত ভেঙ্গে গেলে এখানে অপারেশনের মাধ্যমে তার হাতটি ভাল হয়েছে।
পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের জানুয়ারী হতে মার্চ মাস পর্যন্ত বিভিন্ন কঠিন ও জটিল রোগের ৪৭টি সফল অপারেশন করানো হয়। যার বেশির ভাগ রোগীই সুস্থ হয়ে উঠেছেন।







