পশ্চিমবঙ্গে তৃণমূল নেতা নিহতের পর ১০ জনকে পুড়িয়ে হত্যা

Burnt vehicle and charred remains from a fire incident in West Bengal, with damaged surroundings. Channel i News – চ্যানেল আই নিউজ
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেস নেতা ভাদু শেখকে বোমা মেরে হত্যার পর তার বিক্ষুব্ধ সমর্থকদের দেয়া আগুনে পুড়ে নারী ও শিশুসহ অন্তত ১০ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
ওই ঘটনা হতাহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি দেখা দেওয়ার পর সেখানকার ফায়ার সার্ভিস ১০টি লাশ উদ্ধার করার কথা জানিয়েছে।
দ্য হিন্দুস্তান টাইমস বাংলা তাদের প্রতিবেদনে জানিয়েছে, গতকাল সোমবার রাতে বীরভূমের রামপুরহাট থানার বরশাল গ্রামের তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হন। কয়েকজন দুষ্কৃতীর ছোড়া বোমায় চায়ের দোকানে প্রাণ হারান তিনি। এরপরই গতরাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে সেই এলাকায়। আগুন লাগানো হয় বেশ কয়েকটি বাড়িতে।
পশ্চিমবঙ্গ পুলিশের মহানির্দেশক মনোজ মালব্য বিবিসি বাংলাকে বলছেন, ‘পুড়ে যাওয়া বাড়িগুলি থেকে রাতেই তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। তার মধ্যে একজন মঙ্গলবার মারা গেছেন। আর বাড়িগুলি থেকে সাতটি পুড়ে যাওয়া মৃতদেহ আমরা পেয়েছি। সব মিলিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা আট।’
‘‘উপপ্রধান খুন হওয়ার পরে ওখানকার লোকেরা উত্তেজিত হয়ে এই কাজ করেছেন না কি অন্য কোনও কারণে, সেটাই আমরা খতিয়ে দেখছি।’’






