বিশ্বকাপ ফুটবলের ইউরোপের বাছাই পর্বের খেলায় ফারো আইল্যান্ডসের বিরুদ্ধে গোল উৎসব করেছে ইউরোপ চ্যাম্পিয়ন পর্তুগাল। আন্দ্রে সিলভার হ্যাটট্রিকে ফারো আইল্যান্ডসকে ৬-০ গােলে হারিয়েছে পর্তুগীজরা। গােল পেয়েছেন রোনালদোও। আগে ম্যাচে অ্যান্ডোরার বিপক্ষেও ৬-০ গোলে জিতেছিল পর্তুগাল। রাতের অপর ম্যাচে পল পগবার একমাত্র গোলে ডাচদের হারিয়ে শীর্ষস্থানে উঠেছে ফ্রান্স।
ফারো আইল্যান্ডসকে ৬-০ গোলে হারিয়ে বাছাই পর্বের বি গ্রুপে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পর্তুগাল। খেলার ১২তম মিনিটে রক্ষণের দুর্বলতার সুযোগে নিজের ও দলের প্রথম গোলটি করেন অ্যান্দ্রে সিলভা। ১০ মিনিট পর গোল ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৩৭ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন পর্তুগালের তরুণ ফরোয়ার্ড সিলভা।
দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে গোলব্যবধান আরো বাড়ান রোনালদো। ম্যাচের বাড়তি সময়ে দুই মিনিটের ব্যবধানে গোল উৎসবে যোগ দেন মৌতিনিয়ো ও কানসেলো।
অপর ম্যাচে কষ্টের জয়ে বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপের শীর্ষে উঠেছে ফ্রান্স। পল পগবার একমাত্র গোলে নেদারল্যান্ডসকে হারিয়েছে ১৯৯৮’র বিশ্ব চ্যাম্পিয়নরা। পিছিয়ে পড়া নেদারল্যান্ডস ম্যাচের বাকি সময় বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়।
একই রাতে বড় জয় পেয়েছে বেলজিয়াম ও সুইডেন। জিব্লাটারকে ৬-০ গোলে বেলজিয়াম ও বুলগেরিয়াকে ৩-০ গোলে হারায় সুইডেন।
এছাড়া সুইজারল্যান্ড ২-১ গোলে অ্যান্ডোরা, বসনিয়া-হার্জেগোভিনা ২-০ গোলে সাইপ্রাস, একই ব্যবধানে গ্রিস এস্তোনিয়াকে, হাঙ্গেরি হারায় লাটভিয়াকে। বেলারুশ ও লুক্সেমবার্গের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।







