বলিউড অভিনেত্রী গীতা বসরার সঙ্গে পরিণতি সূত্রে বাঁধা পড়ছেন ভারতীয় স্পিনার হরভজন সিং। আসছে ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে বিবাহ অনুষ্ঠান। টানা পাঁচ দিন ধরে চলবে বিয়ের অনুষ্ঠান।
খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে হলুদের অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠানে নাচার জন্য, ভাঙরা নাচের তালিম নিচ্ছেন হরভজন। বিয়ের দিন গীতা ডিজাইনার ঘাগরায় বিশেষ পোশাক পরবেন। ভাজ্জির সাজবেন রাঘবেন্দ্র রাঠৌরের তৈরি শেরওয়ানিতে।
যুবরাজ সিংহ, বিরাট কোহলিরা বিয়ের দিন থেকেই হরভজনের সঙ্গে থাকবেন। আর রিসেপশনে ক্রিকেটারদের পাশাপাশি বলিউডি তারকারাও উপস্থিত থাকবেন।
ইতিমধ্যেই শুরু হয়েছে অতিথিদের নিমন্ত্রণ পর্ব। লাল-সোনালী কার্ড পৌঁছে দেওয়া হচ্ছে অতিথিদের বাড়ি। ফাগওয়াড়ার রোডে হোটেল ক্লাব কাবানায় বিয়ের অনুষ্ঠান হবে। হোটেল সূত্র জানিয়েছে, হরভজনের পরিবার বুকিং সেরে ফেলেছেন। তবে গোপনীয়তা রক্ষার স্বার্থে এর থেকে বেশি কিছু বলতে চাননি তিনি। আগামী ১ নভেম্বর দিল্লিতে গ্র্যান্ড রিসেপশন হবে।






