বিশিষ্ট সংগীত গবেষক ড. করুণাময় গোস্বামী (৭৪) আর নেই। গতকাল শুক্রবার রাত পৌনে ১২টায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন, বন্ধু ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
শনিবার সকালে ড. করুণাময় গোস্বামীর ভাগ্নের স্ত্রী সুবর্ণা ঘটক চ্যানেল আই অনলাইনকে জানান, গত বৃহস্পতিবার থেকে ড. করুণাময় গোস্বামীর জ্বর ছিল। গতকাল রাতে বারিধারা ডিওএইচএসের নিজ বাসায় রাতের খাবার খেয়েছেন। তখনো তিনি স্বাভাবিক ছিলেন। এরপর তিনি বাথরুমে গিয়ে পড়ে যান। তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। শমরিতা হাসপাতালের শবহিমাগারে ড. করুণাময় গোস্বামীর মৃতদেহ রাখা হয়েছে।
ড. করুণাময় গোস্বামীর স্ত্রী চিত্রা দেবী গুরুতর অসুস্থ। গতকাল শুক্রবার রাতেই তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তার ছেলে সায়ন্তন গোস্বামী এখন কানাডায় আছেন আর মেয়ে তিথি গোস্বামী আছেন যুক্তরাষ্ট্রে। গতকাল শুক্রবার রাতেই তাদেরকে বাবার মৃত্যু সংবাদ জানানো হয়েছে। ধারনা করা হচ্ছে, সায়ন্তন আগামীকাল রোববার সকালে আর তিথি আজ শনিবার রাতে ঢাকায় পৌঁছুবেন।
সুবর্ণা ঘটক আরও জানান, ছেলে মেয়ে দেশে আসার পর ড. করুণাময় গোস্বামীর শেষকৃত্যের ব্যাপারে সব সিদ্ধান্ত নেওয়া হবে।
এ কৃতি ব্যক্তিত্ব একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পদক লাভ করেছেন।
প্রধানমন্ত্রীর শোক
সঙ্গীত গবেষক করুণাময় গোস্বামীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় তিনি শিল্প, সাহিত্য ও সংগীতে করুণাময় গোস্বামীর অবদানের কথা স্মরণ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
করুণাময় গোস্বামীর লেখা উল্লেখযোগ্য গ্রন্থ: সংগীত কোষ, বাংলা গানের বিবর্তন ১ম খণ্ড, বাংলা গান স্বরলিপি-ইতিহাস, বুদ্ধদেব বসু ও অন্যান্য, রবীন্দ্র সংগীত পরিক্রমা, (নব আনন্দে জাগো) রবীন্দ্র সংগীত স্বরলিপি-প্রথম খণ্ড, রবীন্দ্র সংগীত স্বরলিপি-দ্বিতীয় খণ্ড, নজরুল গীতি প্রসঙ্গ, রবীন্দ্র নাট্যসংগীত, আব্বাসউদ্দিন, অতুলপ্রসাদের গান, রবীন্দ্রনাথ হান্টিংটন ও ভারতভাগ, বাংলাদেশের উচ্চাঙ্গসংগীত চর্চা ও গুণীজন, বাংলা গানের বর্তমান ও আরো, ভারত ভাগের অশ্রু কণা, রবীন্দ্রসংগীতকলা-২য়, কিশোর সংগীত, বাংলাগানের কথা, নজরুল সংগীত জনপ্রিয়তার স্বরূপ সন্ধান, বাংলা কাব্যগীতির ধারায় কাজী নজরুর ইসলামের স্থান ইত্যাদি।







