গুলশানে জঙ্গি হামলার পর সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রপন্থা মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা দেওয়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।
দুই দিনের এই সফরে আগামীকাল সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে নিশা দেশাইয়ের।
এ সফরে দক্ষিণ এশিয়া বিষয়ক উপসহকারী সচিব মানপ্রিত সিং আনান্দ তার সঙ্গী হিসেবে রয়েছেন বলে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সফরের বিষয়ে দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ উদ্বেগের বিষয়গুলো নিয়ে এবং সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রপন্থা মোকাবেলায় বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় সহায়তার প্রস্তাব নিয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন নিশা।
বাংলাদেশ সরকারের জ্যেষ্ঠমন্ত্রী ও কর্মকর্তাদের পাশাপাশি নাগরিক সমাজ ও সমাজের বিভিন্ন পেশাজীবীর সঙ্গে নিশা দেশাইয়ের আলাদাভাবে মতবিনিময়ের কথা রয়েছে।
মে মাসের পর এটি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারীর দ্বিতীয় ঢাকা সফর। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থার (ইউএসএআইডি) কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয় হত্যার পর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তিনি ওই সময় বাংলাদেশ সফর করেছিলেন।







