‘জিও কাকা’, ‘হাওয়া বদল’ আর ‘লড়াই’। এই তিনটি ছবির পরিচালক ভারতের বাংলা ছবির অন্যতম জনপ্রিয় নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়। তিনটিতেই আছে সাফল্য। তৃতীয়টি মুক্তি পেয়েছে তাও প্রায় বছর দুয়েক হলো। আর ক্যামেরার পেছনে দাঁড়াননি। কারণ অভিনয় করেই নিজের জন্য এতটুকু সময় পাচ্ছেন না। এখন তিনি কাজ করছেন বাংলাদেশ–ভারতের যৌথ প্রযোজনার একটি ছবিতে। তবে আবার ক্যামেরার পেছনে দাঁড়াচ্ছেন পরমব্রত।
ভারতীয় সংবাদ মাধ্যমকে পরমব্রত জানিয়েছেন, ‘ছবির শুটিংয়ের জন্য সময় পাচ্ছি না। স্ক্রিপ্ট তৈরি আছে। শুধু ফ্লোরে যাওয়ার অপেক্ষা। এবার মে কিংবা জুন মাসেই শুটিং শুরু করে দেব।’
আজ বুধবার সকালে ঢাকায় এসেছেন তিনি। শুক্রবার এখানে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ছবি ‘ভুবন মাঝি’। পরিচালক ফাখরুল আরিফীন খান জানিয়েছেন, আজ সকালে সংগীতশিল্পী কালিকাপ্রসাদ আর পরমব্রত ঢাকায় এসে পৌঁছেছেন। সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে ছবিটির উদ্বোধনী প্রদর্শনীতে অংশ নেবেন তারা।
‘ভুবন মাঝি’ ছবিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, মামুনুর রশীদ, শুভাশীষ ভৌমিক, কাজী নওশাবা আহমেদ, সুষমা সরকার প্রমুখ। সরকারি অনুদানে তৈরি হলো মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ভুবন মাঝি’। ছবিটির সহ–প্রযোজক রিফলেক্ট মিডিয়া কমিউনিকেশন লি.।
৩ মার্চ সন্ধ্যায় কলকাতায় ফিরে যাবেন পরমব্রত।







